চলছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের নিবন্ধন
থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠেয় ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনে চলছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের নিবন্ধন। আগামী ২০ আগস্ট পর্যন্ত জাতীয় পর্বে মোট চার ক্যাটাগরিতে চলবে নিবন্ধন।
নিবন্ধন শেষে আগামী ৬-৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দলীয় পর্যায়ে ক্রিয়েটিভ ক্যাটাগরি ও রোবট ইন মুভি ক্যাটাগরিতে এবং একক পর্যায়ে রোবট গ্যাদারিং ও রোবটিক বুদ্ধি (কুইজ প্রতিযোগিতা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৬ সেপ্টেম্বর সকালে অলিম্পিয়াডের উদ্বোধন করবেন সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ৭ সেপ্টেম্বর বিকেলে বিজয়ীদের পুরস্কৃত করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অলিম্পিয়াডের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।
আয়োজক সূত্রে জানা গেছে, কুইজ ছাড়া বাকি প্রতিযোগিতার বিজয়ীরা ক্যাম্প ও চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠেয় ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনের জন্য নির্বাচিত হবে।
২০ আগস্টের মধ্যে https://tinyurl.com/bdro2019 এই লিংকে নিবন্ধন করা যাবে। অলিম্পিয়াডের বিস্তারিত নিয়মকানুন জানা যাবে https://tinyurl.com/bdro2019booklet এই লিংকে।
প্রসঙ্গত, ২০১৮ সালে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশ নিয়ে একটি স্বর্ণপদক জয় করে বাংলাদেশ।